অর্চনের চাকরী চাই
অনিমেষ সরকার
(১)
অনেক অভিশাপ নিয়ে ছেলেটি বড়ো হয়ে যাচ্ছে
গাছের থেকে দূরে থাকে।
ফল ছড়াতে ছড়াতে একটা জীবন বিলিয়ে দেয় নীল রঙের কঠিন ঘায়ে।
অর্চন জানে গাছেদের মিথ্যে শেখাতে নেই
ভোটের কার্ড থাকলেও দাম চাইতে নেই
কাগজপত্র পুড়িয়ে ফেলতে হয়
কার পরিবারের সদস্যরা মরে গেলো খবর রাখেন না কেউ!
উঠোনে তখন রোদ
ছেলেটির শরীরের ঘামের গন্ধে বসার জায়গাগুলো ফাঁকা
এত কাছ থেকে কালো পোষাকের মেয়েটি এসে হাত ধরে
আয়না দেখায় চুলগুলোয় কোনোরকম তেলের আভাস নেই।
খাতায় খাতায় তখন সে লিখছে
আজ যৌবন বিকলাঙ্গ হলে
মাটিতে ফসল উঠবে না।
(২)
আমরা তো কেউ যাত্রী নই
মাঝির ছেলে
চাষীর ছেলে ঘাম উতরে জমি বানাই
আবাদি ফলাই
পান্তা ভাতের সঙ্গে দেখা দেয় লবণ আর কিছুটা
খড়ের ঘর।
রাত বিরেতে অনশনে বসে
ভাঙা দেওয়ালে গড়পড়তা উঠোনে লেপি-
চাকরীর দরকার হয়ে পড়ে খুব
দেখবেন সময় পেলে
ইস্তেহার খুলে...
© copyright 2019 – All rights reserved


No comments:
Post a Comment