wরং কথা
সম্রাট দাস
বলাই যায় এটা রঙের মাস। কিন্তু সমস্যা হলও যা বলতে চাইলাম সেটাই কি বোঝা গেল? কারণ ‘রং’ শব্দটার একটা বহূল ব্যবহার হয় ন্যাকামি বা অতিরঞ্জন বোঝাতে, তাই রংয়ের মাস বলতে ন্যাকামি করবার মাস বুঝে নিতে পারেন পাঠক। তাই রং এর wরং ব্যবহার থেকে সতর্ক থাকতেই হয়।
রং এর ব্যবহার কতটা গভীর পর্যন্ত বিস্তৃত সেটা বুঝতে গেলে প্রথমেই লোকাচারে প্রবেশ করতে হয়। বিয়ের অনুষ্ঠানে বাহারি রঙের ব্যবহার হলেও কালো রঙের ব্যবহার কিন্তু নেই। আবার শ্রাদ্ধানুষ্ঠানে সাদা রঙের ব্যবহার।
হিন্দুধর্মে দেবতাদের মাঝেও রয়েছে রঙের বাছবিচার। গোবিন্দ পূজায় সাদা রঙের ফুল, শ্যামা পূজায় রক্তরঙের ফুল, শনি পূজায় নীল রঙের ফুল।
রং শুধু ধর্মে নয় রয়েছে রাজনীতিতেও। সি পি এম মানেই লাল আর লাল পার্টি মানেই সি পি এম। সবুজ তৃণমূলের, গেরুয়া বিজেপির। রঙের মাসে তাই সংবাদপত্রে শিরোনাম হয়-
‘হোলিতে কোন রঙ বেশি বিক্রি হল’
তাই রাজনীতির অনুষ্ঠানে নেতা থেকে সাধারণ মানুষ পোশাকের রঙ নির্বাচন করে থাকেন রাজনীতির রং দেখে।
মনস্তাত্বিকদের মতে পছন্দের রঙ মানুষের ব্যক্তিত্বের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কার কোন রঙ পছন্দ তা থেকে ধারণা করা যায়- কে কেমন প্রকৃতির মানুষ। যেমন উদাহরণস্বরূপ বলা যায়-
লালঃ
যাদের প্রিয় রঙ লাল; তারা সাহসী, প্রত্যয়ী ও আত্মবিশ্বাসী হয়।
সবুজঃ
জীবনে অর্থ ও নিরাপত্তার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এদিক থেকে সবচেয়ে বেশি সতর্ক তারাই, যাদের পছন্দের রং সবুজ। আবার প্রকৃতির রং সবুজ হওয়ায় এসব মানুষের প্রকৃতিপ্রেমীও হয়।
এককথায় রঙের পছন্দে মানুষের মনের প্রতিচ্ছবিই পাওয়া যায়।
তাই রঙকে কেউ দূরে সরিয়ে রাখতে পারে না। কবি, সাহিত্যিক, শিল্পী, সংস্কৃতিকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের পদচারণা রঙের ভুবনে। সবাই আমরা হতে চাই রঙে রঙে রঙিন। রঙ নিয়ে wরং ভাবনা যেমন আছে তেমন ভাবনায় ভরা আছে রং এর রামধনু। রং এর মাসে রং দিয়ে কতটা রঙিন হওয়া যায় জানিনা, তবে মনটাকে রাঙাতে হবে। আমাদের মনে কালো রঙের যে আস্তরণ পড়েছে, সেখানে আনতে হবে রামধনু রং এর বর্ণচ্ছটা। রং হীন জীবন যাপন নয় রংময় জীবন হোক সবার এই প্রত্যাশা।


No comments:
Post a Comment